নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর খানপুর হাসপাতাল রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল অভিযোগ করেন, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতার মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, কোনো ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে দেশের মানুষকে আর বিপদের মুখে ঠেলে দেওয়া যাবে না। তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক ধারা ফিরতে শুরু করেছে দাবি করে তিনি বলেন, শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন।
নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের রাজনৈতিক বলয়ের প্রসঙ্গ টেনে মনিরুল ইসলাম সজল বলেন, নারায়ণগঞ্জে ‘ওসমানী সাম্রাজ্যের’ পতন ঘটেছে। তবে বিদেশে অবস্থান করে কেউ কেউ নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
নিজ নিজ এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে সজল বলেন, কোনো ধরনের অপতৎপরতা দেখা গেলে প্রশাসনের সহযোগিতায় তা প্রতিহত করা হবে।
সমাবেশে মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পটকা বিস্ফোরণ এবং সিদ্ধিরগঞ্জে গাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। ৫ আগস্টের পর থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদল রাজপথে থেকে বিভিন্ন অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।
তিনি বলেন, নারায়ণগঞ্জের মাটিতে কোনো ধরনের সন্ত্রাসী অর্থায়ন, চাঁদাবাজি বা নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। একই সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় মহানগর যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক নূর এলাহী, যুগ্ম আহ্বায়ক অপু, ১ নম্বর সদস্য শহীদুল ইসলাম, সদস্য আরমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।