নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বাংলাদেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের বাজার নিতাইগঞ্জের পাশ দিয়ে বয়ে চলা শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ের তিনটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ঘাটের ইজারা পেয়েছেন আলোচিত গম ব্যবসায়ী নিজাম উদ্দিন মৃধা।
গত বুধবার (২০ মে) বিকেলে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ কার্যালয়ে মোট ছয়টি ঘাটের দরপত্র উন্মুক্ত করা হয়। এর মধ্যে ব্যস্ততম তিনটি ঘাটই পেয়েছেন আলোচিত ব্যবসায়ী গম নিজাম উদ্দিন মৃধা।
টানবাজার কদমতলী এলাকায় (নিতাইগঞ্জ খালঘাট এলাকা) লেবার হ্যান্ডেলিং পয়েন্টের ২ কোটি ৫০ লাখ টাকা ভিত্তিমূল্যের মাত্র ১৫ হাজার টাকা বেশি দিয়ে সর্বোচ্চ দরদাতা হন। এছাড়া, মাছুয়াবাজার কালেকশন রাইট পয়েন্ট (ভগবানঞ্জ ফেরিঘাট যাত্রী ছাউনিসহ) ও কেরোসিনঘাট-নিতাইগঞ্জ এলাকায় শুল্ক আদায় পয়েন্টের ভিত্তিমূল্য ছিল যথাক্রমে ২ কোটি ৫০ লাখ টাকা ও ৬৫ লাখ টাকা। এ দু’টি ঘাটের ইজারা নিজাম উদ্দিন মৃধা পাচ্ছেন ৩ কোটি ৭ লাখ এবং ৬৫ লাখ টাকায়।
বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য নারায়ণগঞ্জ জেলা ও এর আশপাশের ১৪টি ঘাট, শুল্ক আদায়কেন্দ্র ও ইকোপার্কের দরপত্র উন্মুক্ত করেছে এবং একই সঙ্গে সর্বোচ্চ দরদাতার নাম ঘোষণা করেছে। তবে মোট ২৩টি ঘাট, শুল্ক আদায়কেন্দ্র ও ইকোপার্কের দরপত্র আহ্বান করা হয়েছিল। এর মধ্যে একটি ঘাটে ভিত্তিমূল্যের চেয়ে কম দর পড়েছে এবং বাকি আটটির বিপরীতে কোনো দরপত্র জমা পড়েনি। তাই ওই ঘাটগুলোর দরপত্র পুনরায় আহ্বান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।