
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকাদান কর্মসূচি এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের কিল্লারপুল এলাকায় অবস্থিত বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা সচেতনতামূলক লিফলেট মনোযোগ দিয়ে পড়ার পাশাপাশি এর নির্দেশনাগুলো পরিবার ও প্রতিবেশীদের জানাতে হবে।
তিনি আরও বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। বাড়ির বাথরুম, কমোড, ফুলের টব, আঙিনা কিংবা অন্য কোনো স্থানে যেন দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে বিশেষভাবে নজর দিতে হবে। পাশাপাশি বসবাসের স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা প্রসঙ্গে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, সরকারের উদ্যোগে নির্ধারিত বয়সী মেয়েশিশুদের বিনামূল্যে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও এ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এই টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি খুরশিদ আহমেদ তুনিম, অভিভাবক সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ রফিকুল ইসলাম এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তাফা কামাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক এস এম দিপু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী।
আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে নির্ধারিত বয়সী শিক্ষার্থীদের টিকা গ্রহণে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদের মধ্যেও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।