নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব কার্যালয়ের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি হয়েছে। ঈদের ছুটিকে কেন্দ্র করে শহরের ডাকবাংলা ভবনের উত্তর দিকে ইসদাইর সড়কের পাশে দ্বিতীয় তলায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এদিকে, খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাহাবুব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের অফিস সহকারি শিবু জানান, ঈদের ছুটি থাকায় কার্যালয়ে আসা হয়নি। সে সুযোগকে কাজে লাগিয়ে চোরচক্রের সদস্যরা কোনো একসময় ভবনটির মূল লোহার গেট ও কার্যালয়ের দরজায় থাকা তালা ভেঙ্গে প্রবেশ করেছিল। রবিবার সকালে কার্যালয়ে প্রবেশ করতে গেলে সবকিছু খোলা এবং তালাগুলো মেঝেতে পড়ে থাকতে দেখতে পাই। এ সময় টেবিলের ড্রয়ার খোলা এবং অফিসে থাকা সব মালামাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখি। এরপর সংগঠনের নেতাদের জানানো হয়।
কার্যালয় থেকে ২টি লেপটপ, ২টি ক্যামেরা, ১টি মাইক্রোফোন ও স্পিকার বক্স চুরি হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
এদিকে, এ ঘটনা দেখতে পেয়ে সিটি প্রেসক্লাব কর্মকর্তারা পুলিশকে খবর দিলে ফতুল্লা থানার ওসি মাহবুবসহ এস আই মনিরুল ইসলাম ক্লাবের কার্যালয় পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম বলেন, “এই চোর চক্রকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”