নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি শহরের শিশুদের শিক্ষা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত দুরবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
শনিবার (৪ জুলাই) দেওয়া ওই পোস্টে তিনি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাসহ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচিতে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন।
তিনি লেখেন, “ছবির শিশুটির নাম খাদিজা। শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে পড়ে। ওর সাথেই ছিল জান্নাত, ফারিহাসহ আরও কয়েকজন শিশু। বসুন্ধরা শুভসংঘ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে গিয়ে ওদের সঙ্গে দেখা হলো। সবার চোখে-মুখে সপ্রতিভতার ছাপ স্পষ্ট।”
আফজাল হোসেন পন্টি বলেন, “এই ছেলেমেয়েগুলো কেন পড়াশোনা শিখে একেকজন ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবে না— এটা এখনও আমার মাথায় ঢোকে না। নারায়ণগঞ্জ সর্বোচ্চ ট্যাক্স দেয়, সবচেয়ে ধনী জেলা— এসব গলাবাজি এই শিশুদের সামনে এসে নির্মম রসিকতায় পরিণত হয়।”
তিনি আরও লেখেন, “শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি স্কুলের এমন দৈন্যদশা প্রমাণ করে আমাদের সবকিছুই বাগাড়ম্বর। আমরা শহরের জন্য অনেক কথা বলি, কিন্তু এমন প্রতিষ্ঠানের সামনে দাঁড়ালে শহরের বিত্তশালীদের হৃদয়হীনতা স্পষ্ট হয়ে ওঠে।”
পোস্টে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, “বৃক্ষরোপণের সুন্দর আয়োজনে এসব হীরকখণ্ড শিশুদের সম্পৃক্ত করার জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ। তবে এই হীরাগুলোকে সত্যিকার অর্থে চকচকে ও মূল্যবান করে তুলতে আমাদের অনেক অনেক পরিশ্রম করতে হবে। কিন্তু সেটা করার সময় বা ইচ্ছা কারও আছে বলে আমার মনে হয় না।”