
নারায়ণগঞ্জ সদর উপজেলা ইউএনও গোল্ডকাপ ২০২৬ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভেনুভিত্তিক দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় ইউএনও এস এম ফয়েজ উদ্দিন জানান, এবারের প্রতিযোগিতায় সদর উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি ফুটবল ক্লাবসহ মোট আটটি দল অংশ নেবে। সাতটি ইউনিয়নের দলের দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। প্রতিযোগিতার প্রতিটি খেলা নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, সদর উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রতিটি দলকে খেলার সামগ্রী উপহার দেওয়া হবে। পাশাপাশি সাতটি ইউনিয়নে সাতটি খেলার মাঠ প্রস্তুত করা হবে এবং প্রতিটি ইউনিয়নে একজন করে লাইসেন্সধারী প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে। খেলোয়াড়দের সুবিধার্থে প্রতিটি ইউনিয়নে একটি করে ড্রেসিংরুমের ব্যবস্থাও রাখা হবে।
প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস—এই ১০টি খেলায় প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকা অত্যন্ত জরুরি। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। এ আয়োজনের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে সেরাদের বাছাই করার সুযোগ তৈরি হবে।
সভায় সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুসহ ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।