নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (বার) ভবনে বিএনপি সমর্থিত আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল আড়াইটার দিকে আদালতপাড়ায় আইনজীবী সমিতির ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ ঘটনায় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওমর ফারুক নয়নসহ উভয় পক্ষের কয়েকজন আইনজীবী আহত হন। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আসন্ন জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে মতবিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সমিতির সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধান এবং পিপি আবুল কালাম আজাদ জাকির। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক ও নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির।
প্রত্যক্ষদর্শী আইনজীবী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার দুপুরে সমিতির ভবনের দ্বিতীয় তলায় সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি কক্ষে কয়েকজন আইনজীবী খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আসন্ন নির্বাচন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপির দায়িত্ব গ্রহণ নিয়ে আপত্তি এবং ম্যাজিস্ট্রেট আদালত ভবন স্থানান্তরসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। একপর্যায়ে আলোচনা উত্তপ্ত হয়ে তর্ক-বিতর্কে রূপ নেয়। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই পক্ষের আইনজীবীরা একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি ও কিল-ঘুষিতে জড়িয়ে পড়েছেন। এ সময় সাখাওয়াত হোসেন খানকে ঘিরে পরিস্থিতি সামাল দিতে তার সঙ্গে থাকা পুলিশ সদস্যকে তৎপর হতে দেখা যায়। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বলেন, আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধান অভিযোগ করে বলেন, সাখাওয়াত হোসেন খান ও তার অনুসারীরা তাদের দিকে তেড়ে এসে হামলা চালান। তার দাবি, এ সময় এপিপি ওমর ফারুক নয়নকে মারধর করা হয়।
অন্যদিকে, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির বলেন, তারা সাখাওয়াত হোসেন খানসহ কয়েকজনকে নিয়ে তার কক্ষে খাবার খাচ্ছিলেন। পাশের কক্ষ থেকে উসকানিমূলক শব্দ আসাকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। তার দাবি, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিতও হতে পারে।
এ বিষয়ে নাসিক প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে অপরপ্রান্ত থেকে জানানো হয়, তিনি বিশ্রামে রয়েছেন।
আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে দুই পক্ষের এই বিরোধ ও হাতাহাতির ঘটনায় আদালতপাড়ায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
