নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলা পুলিশের জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভা ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জানুয়ারি মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জানুয়ারি মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।
পরে বিকেল ৪টায় পুলিশ লাইনস ড্রিল শেডে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও পুলিশ সদস্যরা সামষ্টিক সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সমাধানের নির্দেশ দেন।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। নারায়ণগঞ্জ জেলার সকল অফিসার ও ফোর্স পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি।’ সুন্দর নির্বাচনী পরিবেশ উপহার দেওয়ায় তিনি জেলা পুলিশের সকল সদস্যকে ধন্যবাদ জানান।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন পুলিশ সুপার। পাশাপাশি ঈদের কেনাকাটার সময় সাধারণ মানুষ যেন চুরি, ছিনতাই ও দস্যুতার শিকার না হন—সে লক্ষ্যে থানা ও ফাঁড়ি থেকে বের হওয়া মোবাইল টিমগুলোকে আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
এ সময় জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা-য় কর্মরত এসআই (নিঃ) মো. বজলুর রহমান, শ্রেষ্ঠ এএসআই হিসেবে সোনারগাঁও থানা-য় কর্মরত এএসআই (নিঃ) কামরুজ্জামান, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) এস. এম. আব্দুল আজিজ, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে আড়াইহাজার থানা-য় কর্মরত এসআই (নিঃ) ফরিদ মিয়া, ক্লুলেস মামলা ডিটেকশনের জন্য জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) রুবেল মিয়া এবং কুখ্যাত ডাকাত সাদ্দাম ও টাইগার মোমেন গ্রেপ্তারের জন্য জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মাহাবুব আলমকে পুরস্কৃত করা হয়।
এ ছাড়া শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন অফিসার হিসেবে ট্রাফিক শাখায় কর্মরত সার্জেন্ট মো. সাইফুল ইসলামকেও পুরস্কৃত করা হয়। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।