
শিশু-কিশোরদের সাঁতারে দক্ষ করে তোলা, পানিতে আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ-সবল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত ‘সাঁতার প্রশিক্ষণ-২০২৬’ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দিয়েছেন অনুষ্ঠানের অতিথিরা।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ ক্লাবের সুইমিংপুলবিষয়ক উপকমিটির উদ্যোগে এ সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্লাবের সহসভাপতি ও সুইমিংপুলবিষয়ক উপকমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধার তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি এম. সোলায়মান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, ক্লাবের সাবেক নির্বাচন কমিশনের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি, বর্তমান নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নবী হোসেন এবং ডা. এ কে এম শফিউল আলম ফেরদৌস। এ সময় ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে সাঁতার প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি এম. সোলায়মানসহ উপস্থিত অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি, পানিতে দুর্ঘটনা মোকাবিলা ও আত্মরক্ষার দক্ষতা অর্জনের পাশাপাশি তাদের সুস্থ ও ক্রীড়ামুখী জীবনধারায় অভ্যস্ত করে তুলতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
তারা মনে করেন, সাঁতার শুধু একটি ক্রীড়া নয়, বরং জীবন রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষতা। তাই নতুন প্রজন্মের মধ্যে সাঁতারের প্রসার ঘটাতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।