নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ সোহাগ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইকবাল আলী।
গত ১৫ জুলাই নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। এ সময় বিদায়ী সভাপতি আলহাজ মোহাম্মদ জসীমউদ্দীন মৃধা ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্টুসহ বিদায়ী কমিটির নেতারা নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণের পর সভাপতি মোহাম্মদ সোহাগ বলেন, নিতাইগঞ্জের ফ্লাওয়ার মিল ব্যবসায়ীদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পণ্য ওঠানো-নামানোর জন্য সরকারি ব্যবস্থাপনায় একটি নির্ধারিত স্থান বরাদ্দের দাবি জানানো হবে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর ও বিএসটিআইসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে ব্যবসায়ীদের প্রশাসনিক ও ব্যবসায়িক সমস্যা সমাধানে কাজ করবেন তারা।
সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল আলী বলেন, সংগঠনের কার্যক্রম গতিশীল করা, সদস্যদের সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বাড়াতে তিনি কাজ করবেন।