নিউজ ২৪ নারায়ণগঞ্জ
পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার প্রত্যয়ে প্রায় ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা ও সদর উপজেলা প্রশাসন।
শনিবার (৭ নভেম্বর) জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ফতুল্লা রেললাইন থেকে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬০০ কাব স্কাউট অংশ নিয়ে সড়কের আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করে।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, স্কাউটসের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
অভিযান চলাকালে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার পাশাপাশি শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় আয়োজকরা বলেন, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিশু-কিশোরদের এমন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন প্রজন্ম গড়ে তোলা সম্ভব।