
নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে শারদীয় দুর্গোৎসব-২০২৬। জেলার ২৪০টি পূজামণ্ডপের মধ্যে ২১৪টি মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। তবে ২৫টি মণ্ডপের প্রতিমা এবার বিসর্জন দেওয়া হবে না। অন্য একটি মণ্ডপের প্রতিমা পরদিন বিসর্জন দেওয়ার কথা রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ৫ নম্বর ঘাটে প্রতিমা বিসর্জন কার্যক্রমের সমাপ্তি হয়।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এবার নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ৪৩টি পূজামণ্ডপের মধ্যে দুটি, ফতুল্লা মডেল থানাধীন ২৯টির মধ্যে পাঁচটি, রূপগঞ্জ থানাধীন ৫৭টির মধ্যে নয়টি, আড়াইহাজার থানাধীন ৩৭টির মধ্যে একটিতে এবং সোনারগাঁ থানাধীন ৩৮টি পূজামণ্ডপের মধ্যে আটটি মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হবে না।
প্রতিমা বিসর্জন কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, এ বছর নারায়ণগঞ্জের পূজামণ্ডপগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের নির্যাতন বা হয়রানির শিকার হওয়ার ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
দুর্গোৎসবের শেষ পর্ব প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপাররা উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন। এ ছাড়া জেলা পুলিশ, জেলা বিশেষ শাখা (ডিএসবি), জেলা গোয়েন্দা পুলিশ এবং বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত কুইক রেসপন্স টিম (কিউআরটি) নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত ছিল।
পুলিশের সমন্বিত নিরাপত্তাব্যবস্থা ও সংশ্লিষ্টদের সহযোগিতায় নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে।