নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচি এবং পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবদল।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে নগরীর নবাব সিরাজউদ্দৌলা সড়কের খানপুর হাসপাতাল রোডের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির নেতা-কর্মীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন। দেশের স্থিতিশীলতা নষ্ট এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
বক্তারা আরও বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে।
মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রফিক আহমেদ ডলার।
এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক আলমগীর কবির সেলিম, সহসাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক সাইদুর রহমান সোহেল, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ, জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব ও যুবদল নেতা হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।