
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ৭১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২ হাজার ১২২ পিস ইয়াবা, ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজা এবং ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী ছাড়াও ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যান্য মামলার আসামিদের গ্রেপ্তার করা হয় বলে জেলা পুলিশের পাঠানো তথ্য থেকে জানা গেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ৭ জন মাদক ব্যবসায়ী, ২৮ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১৩ জন, ৯ জন ছিনতাইকারী, নিয়মিত মামলার ৬ জন আসামি, অন্যান্য ধারায় ৬ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন সদস্য রয়েছেন।
থানাভিত্তিক গ্রেপ্তারের তথ্যে জানা যায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ২ জন মাদকসেবী, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার ১ জন আসামি এবং অন্যান্য ধারায় ১ জন রয়েছেন।
ফতুল্লা মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে ৭ জনকে। তাঁদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামি রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৮০ লিটার চোলাই মদ ও ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ৪ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সদস্যসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানা পুলিশের অভিযানে ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ৪ জন মাদকসেবী ও অন্যান্য ধারায় ১ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৭২ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে ১৫ জন মাদকসেবী, ৩ জন ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত ১ জন, অন্যান্য ধারায় ৩ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সদস্যসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬ জন ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত ১ জন, নিয়মিত মামলার ৪ জন আসামি এবং অন্যান্য ধারায় ১ জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশ ৩ জন মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ১ জনসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, মাদকদ্রব্য উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।