
নারায়ণগঞ্জে নতুন করে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য বা সহিংসতার ঘটনা ঘটলে এর দায় বিদেশে অবস্থানকারীদেরও নিতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচির নামে অস্ত্রের ব্যবহার, সাধারণ মানুষের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের পরিকল্পনার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শহরের খানপুর হাসপাতাল রোডের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সাহেদ আহমেদ বলেন, গোপালগঞ্জকে সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। গত ১৭ বছর ধরে নারায়ণগঞ্জের মানুষ গুম, খুন, নিপীড়ন ও সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে। তবে এ দীর্ঘ সময়ে তারা কখনো সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার রাজনীতি করেননি।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্দোলনের সময় চাষাঢ়া এলাকায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে অংশ নিয়েছিলেন। দেশের মানুষ সন্ত্রাস, অস্ত্রবাজি ও জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
সাহেদ আহমেদ আরও বলেন, সাংবাদিকদের কাছে এ-সংক্রান্ত অনেক ফুটেজ রয়েছে। নারায়ণগঞ্জবাসীকে শান্ত রাখতে চান তারা। গত ১৭ বছরে এ অঞ্চলের মানুষ গুম, খুন ও সন্ত্রাসের বহু ঘটনা দেখেছে। তাই নতুন করে অস্ত্র কেনা, মিছিলের নামে অর্থায়ন কিংবা কারও বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের পরিকল্পনা কোনোভাবেই আন্দোলন-সংগ্রামের অংশ হতে পারে না।
তিনি দাবি করেন, বিএনপি, যুবদল কিংবা ছাত্রদলের কোনো নেতাকর্মী অস্ত্র হাতে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেননি। তারেক রহমানের নেতৃত্ব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা দেশে শান্তি প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করতে চান।
৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতি তুলে ধরে মহানগর যুবদলের এই সদস্য সচিব বলেন, ওই সময়ের পর তারা কারও ওপর হামলা করেননি কিংবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে হয়রানি করেননি বলে দাবি করেন তিনি। তবে নারায়ণগঞ্জে নতুন করে সন্ত্রাস, নৈরাজ্য বা সহিংসতার ঘটনা ঘটলে জড়িতদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
শিল্পপতি ও গার্মেন্টস মালিকদের উদ্দেশে সাহেদ আহমেদ বলেন, নারায়ণগঞ্জ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসা ও শিল্পাঞ্চল। এ অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে কোনো ধরনের নৈরাজ্য বা রাজনৈতিক সহিংসতায় অর্থায়ন করা উচিত নয়। সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।