
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ মোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী, ২২ জন মাদকসেবী, বিভিন্ন অপরাধ ও ওয়ারেন্টভুক্ত ১২ জন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত নিষিদ্ধ সংগঠনের ১১ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদক হিসেবে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে ৩ দশমিক ৩ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ী, একজন মাদকসেবী ও তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার অভিযানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত নিষিদ্ধ সংগঠনের পাঁচজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানার অভিযানে দুইজন মাদকসেবী, দুইজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিষিদ্ধ সংগঠনের একজন সদস্যসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার অভিযানে দুইজন মাদকসেবী, নিষিদ্ধ সংগঠনের তিনজন সদস্য এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানার বিশেষ অভিযানে ১৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁও থানার অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী, একজন মাদকসেবী এবং ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত নিষিদ্ধ সংগঠনের আরও একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।