
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫ জন মাদক ব্যবসায়ী/কারবারি ও ৮৭ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার সাতটি থানায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ফতুল্লা মডেল থানার বালুর মাঠ এলাকার মাদক ব্যবসায়ী সোহেল এবং ইসদাইর এলাকার মাদক ব্যবসায়ী/ডিলার সাগরকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারি জুয়েল, শুক্কুর আলী ও সেতারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচ মাদক ব্যবসায়ী/কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে ২০১২ সালের মানি লন্ডারিং আইনে মামলা রুজুর জন্য সিআইডি, ঢাকায় প্রতিবেদন পাঠানো হবে।
জেলা পুলিশের তথ্যমতে, অভিযানে থানাভিত্তিক গ্রেপ্তারের চিত্র হলো—
সদর মডেল থানা: ১৩ জন মাদকসেবী গ্রেপ্তার।
ফতুল্লা মডেল থানা: ২ জন মাদক ব্যবসায়ীসহ ৩৬ জন মাদকসেবী গ্রেপ্তার।
বন্দর থানা: ৩ জন মাদক কারবারিসহ ৯ জন মাদকসেবী গ্রেপ্তার।
সিদ্ধিরগঞ্জ থানা: ১৭ জন মাদকসেবী গ্রেপ্তার।
সোনারগাঁও থানা: ২ জন মাদকসেবী গ্রেপ্তার।
আড়াইহাজার থানা: ৪ জন মাদকসেবী গ্রেপ্তার।
রূপগঞ্জ থানা: ৬ জন মাদকসেবী গ্রেপ্তার।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাতটি থানায় পরিচালিত বিশেষ অভিযানে সর্বমোট ৫ জন মাদক ব্যবসায়ী/কারবারিসহ ৮৭ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও মাদকসেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আরও জোরদার করা হবে।