
নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল হাসান রোকন এবং নাসিক ৮ ও ১০ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
শুক্রবার (১২ জুন) রাতে নগরীর মিশনপাড়ায় অবস্থিত হোসিয়ারী সমিতি কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন জানানো হয়। এসময় মাসুকুল ইসলাম রাজিবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন শরিফুল হাসান রোকন এবং নাসিক ৮ ও ১০ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
শুভেচ্ছা বিনিময়কালে শরিফুল হাসান রোকন বলেন, মাসুকুল ইসলাম রাজিব আমাদের নারায়ণগঞ্জের রাজপথের এক উজ্জ্বল নক্ষত্র এবং ত্যাগের প্রতীক। তৃণমূল থেকে উঠে আসা একজন সাহসী নেতা যখন এমন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পান, তখন সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়ে যায়। মাসুকুল ইসলাম রাজিবের হাত ধরে নারায়ণগঞ্জের চেহারা বদলে যাবে—এটাই আমাদের প্রত্যাশা। ফতুল্লা থানা যুবদল তাঁর এই নতুন অগ্রযাত্রায় সবসময় পাশে থাকবে।
উল্লেখ্য, সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাসুকুল ইসলাম রাজিবকে এক বছরের জন্য নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।