
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বাদ মাগরিব পাঠানটুলি বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী বাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন বাবুল। সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন।
সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন বাবুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন উন্নয়ন, গণতন্ত্র ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। এসব অপচেষ্টা মোকাবিলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। জনগণের শান্তি, নিরাপত্তা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সঞ্চালক জাহাঙ্গীর হোসেন স্বাধীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের প্রত্যাশা পূরণ ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে। এ সময়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। বিএনপির নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ থেকে দেশের শান্তি, স্থিতিশীলতা ও সরকারের অগ্রযাত্রার পক্ষে কাজ করবেন।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার যে উদ্যোগ চলছে, তা বাধাগ্রস্ত করতে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। দেশের স্বার্থবিরোধী এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের সমর্থন নিয়ে সব ধরনের অপচেষ্টা মোকাবিলা করা হবে।
নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. মিয়া চাঁন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ ও একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে যারা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে জনগণকে সচেতন হতে হবে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় রাজপথে সোচ্চার থাকবেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক শরিফুল হাসান রোকন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের ডালিম প্রধান, নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন ও মো. মিয়া চাঁন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুম প্রধান, যুগ্ম সম্পাদক আব্দুল হাই, নারায়ণগঞ্জ জেলা সাইবার দলের সভাপতি শরিফুর রহমান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম প্রধান, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সভাপতি তাজুল ইসলামসহ ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।