নিউজ ২৪ নারায়ণগঞ্জ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শহীদ রিয়া গোপের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। এ সময় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
বুধবার (২১ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে শহীদ রিয়া গোপের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। এ সময় তাঁরা পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁদের দুঃখ-কষ্টের কথা শোনেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন এনসিপি নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক শওকত আলী, জেলা আহ্বায়ক যুবাইর সরদার, মহানগরের সদস্য সচিব আশিকুর রহমান অভি, জেলার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম।
সাক্ষাৎকালে এনসিপির নেতারা বলেন, শহীদ রিয়া গোপ আজ বেঁচে থাকলে তার বয়স হতো মাত্র আট বছর। দুর্গাপূজার মতো আনন্দঘন উৎসবে এই বয়সের একটি শিশুর আনন্দে মেতে থাকার কথা। কিন্তু সেই আনন্দের মুহূর্তে শিশুটির অনুপস্থিতির কথা ভাবলেই তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
তাঁরা আরও বলেন, শহীদ রিয়া গোপের পরিবারের বেদনা ও কষ্ট তাঁরা উপলব্ধি করেন। পরিবারের যেকোনো সমস্যা ও প্রয়োজনে এনসিপির নেতৃবৃন্দ তাঁদের পাশে থাকবেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন সময়ে শহীদ পরিবারের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ তাঁদের প্রতি সংহতি, সহমর্মিতা ও মানবিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ বলে জানান নেতৃবৃন্দ।