
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
প্রায় ১৮ বছরের অপেক্ষার পর অবশেষে ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’ নামে নিবন্ধন পেয়েছে সমাজসেবামূলক সংগঠনটি। মানুষের কল্যাণ ও একটি সুন্দর মানবিক সমাজ নির্মাণের প্রত্যয় নিয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জে ফাউন্ডেশনটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি ফাউন্ডেশন প্রতিষ্ঠার দীর্ঘ পথচলা, নামকরণের পেছনের ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “একটি সুন্দর মানবিক সমাজ নির্মাণ ও মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করাই আমাদের লক্ষ্য। প্রায় ১৮ বছর আগে আমরা ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’ নামে কাগজ জমা দিয়েছিলাম। তখন বলা হয়েছিল, ‘মোস্তফা’ নামে ছাড়পত্র দেওয়া যাবে না, এতে জঙ্গিবাদের গন্ধ আছে। আমি জানিয়েছিলাম, ফাউন্ডেশন হলে এই নামেই হবে, না হলে করব না। দীর্ঘ অপেক্ষার পর সম্প্রতি আমরা এই নামেই রেজিস্ট্রেশন পেয়েছি।”
তিনি বলেন, দীর্ঘ সময় ধরে নানা প্রতিকূলতা ও অপেক্ষার মধ্যেও নামটি পরিবর্তনের সিদ্ধান্ত নেননি। কারণ, ‘ডিয়ার মোস্তফা’ নামটির সঙ্গে তাঁর গভীর শ্রদ্ধা ও আবেগ জড়িয়ে রয়েছে।
নামকরণের প্রসঙ্গে তিনি আরও বলেন, “নবীজি হযরত মুহাম্মদ (স.)-কে স্নেহ ও সম্মানের সঙ্গে ‘প্রিয় মোস্তফা’ বলা হতো। সেখান থেকেই এই নামের প্রতি আগ্রহ তৈরি হয় এবং তাঁর শানে ‘ডিয়ার মোস্তফা’ নামে ফাউন্ডেশনের নামকরণ করা হয়।”
মাসুদুজ্জামান মাসুদ বলেন, সমাজের মানুষের পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। কেবল তাৎক্ষণিক সহায়তা নয়, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা ও জীবনমান উন্নয়নের মাধ্যমে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘমেয়াদি কার্যক্রম পরিচালনা করা হবে।
ফাউন্ডেশনটির পরিকল্পনা অনুযায়ী, শিক্ষা ও মেধা বিকাশ, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, নিরাপদ পানি, কর্মসংস্থান সৃষ্টি, নারী ও শিশুর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা, যুব ও ক্রীড়া উন্নয়ন এবং দুর্যোগকালীন জরুরি সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
বিশেষ করে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করা, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানান ফাউন্ডেশনের উদ্যোক্তারা।
অনুষ্ঠানে মাসুদুজ্জামান মাসুদ তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং ফাউন্ডেশনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, একটি সমাজসেবামূলক উদ্যোগকে টেকসই করতে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে ফাউন্ডেশনটি ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “আমরা চাই, এই উদ্যোগ শুধু আমাদের সময়ের মধ্যে সীমাবদ্ধ না থাকুক। পরবর্তী প্রজন্ম যেন এই ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যায় এবং মানুষের কল্যাণে এর ধারাবাহিকতা বজায় থাকে।”
দীর্ঘ অপেক্ষার পর ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক যাত্রাকে একটি মানবিক ও সমাজকল্যাণমূলক উদ্যোগের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিতদের সহায়তা করা এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার মধ্য দিয়ে ফাউন্ডেশনটি ভবিষ্যতে নারায়ণগঞ্জে একটি কার্যকর সমাজসেবামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে চায়।