নিউজ ২৪ নারায়ণগঞ্জ
দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর সিদ্ধান্তে এ অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ১ নম্বর সদস্য মো. আমান শিকদারের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন সদর থানা শাখার আহ্বায়ক মো. জাকির হোসেনকে তাঁর পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের জাকির হোসেনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।