
সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে দেশের উন্নয়ন ও জনকল্যাণে যেসব পদক্ষেপ নিয়েছে, তা প্রশংসনীয়। বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেটে বিশেষ বরাদ্দ রেখেছে। একই সঙ্গে সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলা সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ডেঙ্গু পরীক্ষার কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে বিভাগীয় পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত ধারাবাহিকভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ করা হচ্ছে।”
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। বাড়ির আশপাশে যাতে পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে এমপি আজহারুল ইসলাম মান্নানের কাছ থেকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডেঙ্গু পরীক্ষার কিট গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী সোহেল আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সাবেক যুবদল নেতা হারুন অর রশিদ মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।