
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের যানজট নিরসনে নেওয়া উদ্যোগ বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তিনি বলেছেন, নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়া মোড়কে যানজটমুক্ত রাখতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং এ উদ্যোগ শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর চাষাঢ়ায় যানজট নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবকদের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মডেল গ্রুপ ও ‘উই আর ভলান্টিয়ার’ যৌথভাবে এ কার্যক্রমের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “নারায়ণগঞ্জের হার্ট হলো চাষাঢ়া মোড়। এই হার্ট যাতে কেউ ব্লক করতে না পারে, সে বিষয়ে আজ আমরা ঘোষণা দিলাম। এই ঘোষণা শুধু মুখে থাকবে না, বাস্তব ক্ষেত্রেও এর প্রয়োগ দেখা যাবে।”
তিনি বলেন, চাষাঢ়া মোড় যানজটমুক্ত রাখা সম্ভব হলে নগরীতে যাতায়াতকারী মানুষের কর্মঘণ্টা নষ্ট হওয়া অনেকটাই কমবে। চাষাঢ়াকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অবৈধভাবে অটোরিকশার স্ট্যান্ড ও হকার বসায় যানজট সৃষ্টি হয়। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এসব সমস্যা নিয়ন্ত্রণে কাজ করা হবে।
পুলিশ সুপার আরও বলেন, চাষাঢ়া থেকে শুরু হওয়া এ কার্যক্রম পর্যায়ক্রমে নগরের অন্যান্য যানজটপ্রবণ এলাকাতেও সম্প্রসারণ করা হবে। নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন, সবুজ, যানজটমুক্ত ও অপরাধমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। বর্তমানে শুরু হওয়া স্বেচ্ছাসেবী কার্যক্রমটি স্বল্পমেয়াদি পরিকল্পনার অংশ। পরবর্তী সময়ে মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারের কাছে প্রয়োজনীয় প্রস্তাব দেওয়া হবে।
এ ক্ষেত্রে সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে প্রয়োজনীয় প্রস্তাব তুলে ধরা হবে জানিয়ে তিনি বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে নারায়ণগঞ্জ শহরকে আরও সুন্দর, পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, বিকেএমইএর সহসভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সোহেল আক্তার সোহান এবং ‘উই আর ভলান্টিয়ার’-এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।