
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় এক নারীর শরীরের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০টি প্যাকেট থেকে ২ হাজার ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চাষাঢ়ার শহীদ জিয়া হলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজারের টেকনাফের আসমা বেগম (৪৫), ফিরোজ আলম (৪৫) ও মো. সাবের (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাষাঢ়া এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসমা বেগমের শরীরের ভেতরে ইয়াবা থাকার তথ্য পাওয়া যায়। পরে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং মেডিকেল পরীক্ষা ও এক্স-রে করানো হয়।
পুলিশের দাবি, পরবর্তীতে আসমা বেগমের শরীর থেকে বিশেষভাবে কস্টেপ দিয়ে মোড়ানো ৪০টি প্যাকেট বের করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট ২ হাজার ইয়াবা পাওয়া যায়।
রোববার আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীসহ তিনজনকে আটক করা হয়। পরে মেডিকেল পরীক্ষা ও এক্স-রের মাধ্যমে তার শরীরের ভেতরে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিশেষ প্রক্রিয়ায় প্যাকেটগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বলেন, মাদক পরিবহনে অভিনব কৌশল অবলম্বনের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।