নিউজ ২৪ নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসি গোদনাইল ডিপোর কর্মীদের কাছে চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সালকে এবার বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন থেকেও বহিষ্কার করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের সেক্রেটারি ব্যাসদেব রায় বিকাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় এসোসিয়েশনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসােসিয়েশনের পদ্ম অয়েল কোঃ গােদনাইল, নারায়ণগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক মােঃ সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের বিরুদ্ধে থানায় একাধিক চাঁদাবাজি সহ অনেক অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার কারণে একাধিক মামলা হয়েছে। ইতিমধ্যে যা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।
এমতাবস্থায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসােসিয়েশনের সাংগঠনিক নীতিমালা বহির্ভুত কার্যকলাপে জড়িত থাকার অপরাধে গত ইং ২৩/০৯/২০২৬ তারিখে এসােসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মােতাবেক এসােসিয়েশনের ভাবমুর্তি অক্ষুন্ন রাখার স্বার্থে তাকে সমিতির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সাময়িকভাবে অব্যহতি দেওয়া হয়েছে।
এছাড়া এসােসিয়েশনের সকল নেতাকর্মীকে সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের সাথে বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসােসিয়েশনের সাংগঠনিক যে কোনাে কাজ থেকে বিরত থাকার জন্যও অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর আগে দলীয় নীতি, আদর্শ, শৃঙ্গলা ও সংগঠন বিরোধী কর্মকান্ডে সরাসরি জড়িত থাকার সুম্পষ্ট অভিযোগের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর সাইফুদ্দিন মােহাম্মদ ফয়সালকে জাতীয়তাবাদী কৃষকদলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিস্কারের সিদ্ধান্ত জানিয়েছে জাতীয়তাবাদী কৃষকদল।
প্রসঙ্গত, সাইফুদ্দিন মাহমুদ ফয়সালকে গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, পদ্মা অয়েল পিএলসি গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে চেকার পদে কর্মরত মো. রফিকুল ইসলামের কাছে গত ১ জুলাই সকাল আনুমানিক ১০টার দিকে হোয়াটসঅ্যাপে ফোন করেন ফয়সাল। এ সময় ডিপোর জেট-এ-১ পয়েন্টে কর্মরত কর্মচারীদের কাছ থেকে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন রফিকুল।
অভিযোগে বলা হয়, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ফয়সাল তাকে ভয়ভীতি ও খুন-জখমের হুমকি দেন। এরপর বিভিন্ন সময়েও ফোন করে একইভাবে চাঁদা দাবি ও হুমকি দেওয়া হয় বলে মামলায় দাবি করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ আগস্ট সকাল আনুমানিক সোয়া ১১টার দিকে ফয়সাল অজ্ঞাতনামা ১০-১২ জনকে সঙ্গে নিয়ে গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে প্রবেশ করেন। সেখানে কর্মীদের কাছে আবারও এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
কর্মীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে মারমুখী আচরণ করা হয় বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে চাঁদার টাকা না দিলে ডিপোতে চাকরি করতে দেওয়া হবে না এবং থানায় অভিযোগ বা মামলা করলে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। ##