
নারায়ণগঞ্জের কোনো এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ কিংবা জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটলে ওই এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। একই সঙ্গে তাঁদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মিছিল-পূর্ব সমাবেশে মশিউর রহমান রনি বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর বুক উঁচু করে ব্যানার নিয়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। মুখে মাস্ক বা মুখ পেঁচিয়ে কিংবা লুকিয়ে কখনো কোনো কর্মসূচি পালন করিনি। বিরোধী দলে থাকা অবস্থায় আমাদের কোনো কর্মসূচিতে জনগণের ক্ষতি হয়, এমন কিছু করা হয়নি। অথচ বর্তমানে একটি শ্রেণি দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।”
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের দেশ থেকে আমরা বিতাড়িত করিনি, বিতাড়িত করেছে সাধারণ শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষ। আপনাদের মধ্যে যারা বিচক্ষণ ও ভালো মানুষ আছেন, তাঁরা আগের মতো ভুল পথে পরিচালিত না হয়ে ভালো কাজের মাধ্যমে জনগণের মন জয় করার চেষ্টা করুন। কিন্তু গোপালগঞ্জে যেভাবে জ্বালাও-পোড়াও ও গাড়ি পোড়ানোর ঘটনা ঘটছে, তাতে আপনারা নিজেদের পুরোনো রূপই প্রকাশ করছেন।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ টেনে রনি বলেন, “আপনারা হয়তো মনে করতে পারেন, বর্তমান প্রধানমন্ত্রী কেন শেখ হাসিনার মতো আচরণ করছেন না? কারণ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান। তিনি সাধারণ মানুষকে কীভাবে ভালো রাখা যায় এবং শান্তিতে রাখা যায়, সেই কাজই করছেন।”
নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানাতে গিয়ে তিনি আরও বলেন, “আজকের পর থেকে নারায়ণগঞ্জের যে এলাকায় গাড়ি পুড়বে বা জ্বালাও-পোড়াও হবে, সেই এলাকার আওয়ামী লীগের একজন নেতাকর্মীকেও বাড়িঘরে থাকতে দেওয়া যাবে না। তাঁদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। নারায়ণগঞ্জে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থাকতে দেওয়া যাবে না। আওয়ামী লীগকে যেখানেই পাওয়া যাবে, সেখান থেকেই ঘাড় ধরে পুলিশ প্রশাসনের কাছে তুলে দিতে হবে।”
সমাবেশ শেষে মশিউর রহমান রনির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের শিবু মার্কেট এলাকা থেকে শুরু হয়ে ফতুল্লা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এতে নারায়ণগঞ্জ জেলা যুবদলসহ বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।