নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁন।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের পাঠানটুলি আইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে কোমলমতি ছাত্র-ছাত্রীদের নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কেক কাটেন মোঃ মিয়া চাঁন। এ সময় তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়, এটি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও মানুষের কল্যাণের জন্য দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ দিন। কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে এই দিনটি উদযাপনের মাধ্যমে তাদের মাঝে দেশ, সমাজ ও মানুষের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়াই ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সততা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে পারলেই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
মিয়া চাঁন বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের মানুষের পাশে দাঁড়ানো এবং নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাও সবার দায়িত্ব।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মাঝে কেক বিতরণ করা হয়।
স্থানীয়দের মতে, কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে এমন আয়োজন শিশুদের মধ্যে আনন্দের পাশাপাশি সামাজিক ও মানবিক মূল্যবোধ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।