
স্বৈরাচারবিরোধী আন্দোলনে কৈশোরের পদচারণা, ছাত্রদলের ওয়ার্ড পর্যায়ের নেতৃত্ব থেকে মহানগর ছাত্রদলের প্রথম আহ্বায়ক, এরপর বিএনপি ও যুবদলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব—দীর্ঘ সাড়ে তিন দশকের রাজনৈতিক পথচলায় নানা অধ্যায় পেরিয়েছেন মনিরুল ইসলাম সজল। রাজনৈতিক প্রতিকূলতা, মামলা, কারাবাস, আত্মগোপন ও হামলার অভিযোগকে সঙ্গী করে নারায়ণগঞ্জের রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এই নেতা।
সজলের রাজনৈতিক জীবনের বিশেষত্ব হলো, তাঁর রাজনীতির শুরু কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক পদ কিংবা পরিচয়ের মধ্য দিয়ে নয়; বরং স্কুলজীবনেই রাজপথের আন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়ে। সামনে এসএসসি পরীক্ষা, অথচ সেই বয়সেই এরশাদবিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিলেন তিনি। সেই কৈশোরের রাজনৈতিক যাত্রাই সময়ের পরিক্রমায় তাঁকে মহানগর যুবদলের নেতৃত্বে নিয়ে এসেছে।
এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠিত হয়। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হওয়ার পর ছাত্ররাজনীতিতে সক্রিয় হন সজল। শুরু হয় তাঁর রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়।
১৯৯৩ সালে তৎকালীন নারায়ণগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড, বর্তমানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান তিনি। স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড ও কর্মীদের সঙ্গে সম্পৃক্ততার মধ্য দিয়ে রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করতে থাকেন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর রাজনৈতিক পরিস্থিতি কঠিন হয়ে ওঠে বলে জানান সজল। তাঁর দাবি, সে সময় আত্মগোপনে থেকেই দলীয় কর্মসূচিতে অংশ নিতে হতো। খানপুর, কিল্লারপুলসহ শহরের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সংগঠিত করে বিএনপির কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।
এ সময় তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমান ও তাঁর অনুসারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন বলে অভিযোগ করেন সজল। তাঁর ভাষ্য, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এসেও একাধিকবার স্থানীয় আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের হামলার শিকার হয়েছেন। এক রাতে তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
১৯৯৮ সালের শুরুর দিকে দলীয় কর্মসূচি পালনকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর টানা ১৮ মাস কারাভোগ করতে হয়। কারামুক্তির পর ১৯৯৯ সালে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাংগঠনিক দায়িত্ব পান তিনি।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপের মধ্যেও সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রাখেন সজল। ওই সময় নির্বাচনী সভা শেষে প্রয়াত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজের বাসা থেকে মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, বন্দরের নিহত ছাত্রদল নেতা আশা, দেওভোগ বেপারীপাড়ার রাজন, মজিবুর রহমানসহ সাতজন গ্রেপ্তার হন। তাঁদের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে অর্ধদিবস হরতাল পালন করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
২০০১ সালের নির্বাচনে বিএনপি সরকার গঠনের কয়েক দিন পর কারাগার থেকে মুক্তি পান সজল। ২০০২ সালে কেন্দ্রীয়ভাবে তাঁকে জেলা ছাত্রদলের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। ২০০৩ সালে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন তিনি।
২০০৬ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর আবারও আত্মগোপনে যেতে হয় বলে জানান সজল। তবে আত্মগোপনে থেকেও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ অব্যাহত রেখেছিলেন বলে দাবি তাঁর। ২০১০ সাল থেকে র্যাব, গোয়েন্দা পুলিশ ও থানা-পুলিশের বিভিন্ন অভিযানের মুখে নিয়মিত হয়রানির শিকার হওয়ার অভিযোগও করেন তিনি।
নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও কদমরসুল পৌরসভাকে একীভূত করে ২০১১ সালের ৫ মে যাত্রা শুরু করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। এর ধারাবাহিকতায় ২০১৩ সালে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠিত হলে মনিরুল ইসলাম সজলকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। মহানগর ছাত্রদলের প্রথম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়।
এর পরের বছর ২০১৪ সালে রাজিব-আকরাম নেতৃত্বাধীন কেন্দ্রীয় ছাত্রদল কমিটির সহসাংগঠনিক সম্পাদক মনোনীত হন তিনি। ২০১৬ সালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ২১ সদস্যের আংশিক কমিটিতে সহসাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পান সজল। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলে তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
দীর্ঘদিন মহানগর বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার পর ২০২০ সালের দিকে শীর্ষ নেতাদের পরামর্শে স্বেচ্ছায় পদত্যাগ করেন সজল। এরপর নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিবের দায়িত্ব গ্রহণ করেন। সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়তা ও নেতৃত্বের ধারাবাহিকতায় ২০২৩ সালে মহানগর যুবদলের আহ্বায়ক নির্বাচিত হন তিনি। বর্তমানে সংগঠনটির নেতৃত্বে রয়েছেন সজল।
নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের কঠিন সময়গুলোর বিবরণ দিতে গিয়ে সজল দাবি করেন, এ পর্যন্ত তাঁর বিরুদ্ধে ৭০ থেকে ৮০টির বেশি মামলা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে ৫৮টি মামলায় নিয়মিত আদালতে হাজিরা দিতে হয়েছে তাঁকে।
তাঁর ভাষ্য অনুযায়ী, ১৯৯৮ সালে চিটাগাং রোড থেকে গ্রেপ্তারের পর টানা ১৮ মাস কারাগারে ছিলেন। এছাড়া ২০১৩ সালে তিন মাস, ২০১৪ সালে দুই মাস এবং ২০১৮ সালে তিন মাস কারাভোগ করেন। সর্বশেষ ২০২২ সালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে গ্রেপ্তারের পর কেন্দ্রীয় কারাগারে দুই মাস থাকতে হয় তাঁকে। সব মিলিয়ে রাজনৈতিক জীবনে পাঁচ থেকে ছয়বার কারাবরণ করেছেন বলে দাবি তাঁর।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সদর মডেল, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া একাধিক মামলাতেও তাঁকে আসামি করা হয়েছিল বলে জানান সজল। এসব মামলাসহ মোট মামলার সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করেন তিনি।
২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে, ৫ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জ শহরে মহানগর যুবদলের উদ্যোগে মশাল মিছিল করেন সজল ও তাঁর অনুসারীরা। সজলের অভিযোগ, ওই কর্মসূচির জের ধরে রাতেই তাঁর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং পরিবারের সদস্যদের ওপর নির্যাতন করা হয়। তৎকালীন সরকারদলীয় সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছিল বলে দাবি করেন তিনি।
এদিকে, রাজনৈতিক জীবনে মামলা দেওয়ার পেছনে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র ছিল বলেও অভিযোগ সজলের। তাঁর দাবি, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরও একটি ঘটনায় সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও তাঁকে মামলার আসামি করার চেষ্টা করা হয়েছিল। বাদীপক্ষকে ভুল তথ্য দিয়ে তাঁকে জড়ানো হয়েছিল বলে দাবি করে তিনি বলেন, এর উদ্দেশ্য ছিল তাঁর রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করা।
বর্তমানেও একটি পক্ষ তাঁর বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন মহানগর যুবদলের এই নেতা।
সাড়ে তিন দশকের বেশি সময়ের রাজনৈতিক পথচলার দিকে ফিরে তাকিয়ে মনিরুল ইসলাম সজল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে তাঁর সম্পৃক্ততা দীর্ঘদিনের। দলের প্রতিকূল সময়ে রাজপথে সক্রিয় থাকা, সাংগঠনিক দায়িত্ব পালন এবং মামলা-হামলা ও কারাবরণের মধ্য দিয়েই তাঁর রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে।
দলের দুঃসময়ে রাজপথে ভূমিকা ও দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কে বিএনপির নীতিনির্ধারকেরা অবগত রয়েছেন বলে বিশ্বাস করেন তিনি। রাজনৈতিক জীবনের ত্যাগ ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন পাবেন—এমন প্রত্যাশাও রয়েছে তাঁর।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে স্কুলজীবনে রাজনীতির হাতেখড়ি থেকে শুরু করে মহানগর যুবদলের আহ্বায়কের দায়িত্বে আসা—মনিরুল ইসলাম সজলের এই দীর্ঘ পথচলা নারায়ণগঞ্জের ছাত্র ও যুব রাজনীতির নানা উত্থান-পতন, সংঘাত এবং সাংগঠনিক পরিবর্তনের এক দীর্ঘ অধ্যায়।