নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর ছবি সম্বলিত একটি ফ্যানপেজে অপপ্রচারের অভিযোগে রিটার্নিং কর্মকর্তাকে লিখিত দিয়েছে অনলাইন নিউজ পোর্টাল “নিউজ নারায়ণগঞ্জ”।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদমাধ্যমটির স্টাফ রিপোর্টার শাহজাহান দোলন প্রতিকার চেয়ে লিখিত আবেদনটি করেন।
এতে তিনি উল্লেখ করেন, গত ৩১ জানুয়ারি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলায় লিটল জিনিয়াস নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার বিতরণীতে উপস্থিত হয়ে মনির হোসাইন কাসেমীর নগদ টাকা বিতরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরেই নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল পেজে ওই সম্পর্কিত একটি ভিডিও আপলোড হয়। কিছু সময় পরে বাংলাদেশের মূলধারার সকল জাতীয় গণমাধ্যমও একই ভিডিও প্রচার করে।
পরবর্তীতে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সেদিন বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পরদিন ১ ফেব্রুয়ারি সকালে মনির হোসাইন কাসেমীর ছবি সম্বলিত একটি পেজ, যেটার ঠিকানা বারিধারার তার মাদ্রাসার ঠিকানা দেওয়া, সেখানে একটি ভিডিও কনটেন্ট আপলোড হয় যেখানে নিউজ নারায়ণগঞ্জের লগো ও প্রতিষ্ঠানে কর্মরতদের বিকৃত ছবি ব্যবহার করা হয়। ভিডিও কনটেন্টে মনির কাসেমীর টাকা বিতরণের বিষয়টিকে ‘অসত্য’ মন্তব্য করে জেলা প্রশাসনের অভিযান ও জরিমানার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এছাড়াও তার আরো একটি আইডিতেও একই ভিডিও প্রচার করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির বলেন, এ ঘটনায় কিছুক্ষণ আগে একটি অভিযোগপত্র পেয়েছি। আমরা তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ্য, ওই অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কারের সঙ্গে টাকা উপহার দেবার একট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
যদিও খেজুর গাছ প্রতীকের প্রার্থী মনির হোসাইন কাসেমীর দাবি, প্রতিষ্ঠানের লোকজনের অনুরোধে তিন বিজয়ী শিক্ষার্থীকে দুই হাজার টাকা পুরস্কার হিসেবে তুলে দিয়েছেন তিনি। এই টাকা প্রতিষ্ঠানের লোকজনই সরবরাহ করেছেন। তিনি কেবল শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ওই ভিডিওকে “ভোটারদের মাঝে টাকা বিলি” বলে উপস্থাপন করে ঘটনাটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলেও মন্তব্য করেন।