নিউজ ২৪ নারায়ণগঞ্জ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু এলাকায় যাত্রীবেশে বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে ‘মামা-ভাগিনা’ নামের একটি লোকাল বাস সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঁচপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘পাহাড়িকা’ ব্যানারে চলাচলকারী সায়েদাবাদ থেকে গৌরীপুরগামী লোকাল বাসটি কাঁচপুর এলাকায় যাত্রী ওঠানোর জন্য থামানো হয়। এ সময় যাত্রীবেশে বাসের পেছনের দিকে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে বাসে থাকা যাত্রীরা নিরাপদে বের হতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শামীম আগুন নেভানোর চেষ্টা করেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারীক বলেন, দুর্বৃত্তরা যাত্রীবেশে বাসে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।