
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যই রাজনৈতিক শক্তির মূল ভিত্তি। সবাই ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ আর কখনো এ দেশে দখলদারিত্ব কায়েম করতে পারবে না।
বুধবার (২৫ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে এ সভার আয়োজন করা হয়।
দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে আজহারুল ইসলাম মান্নান বলেন, “ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দল—আমরা সব সময় রাজপথে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। আমরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ আর কখনো এ দেশে দখলদারিত্ব কায়েম করতে পারবে না।”
তিনি বলেন, “আমি নতুন কোনো বক্তব্য দিতে আসিনি। বহুবার বলেছি, আপনারা মিলেমিশে চলুন, ঐক্যবদ্ধ থাকুন। কে কী বলল, তা নিয়ে জবাব দিতে গিয়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। আপনাদের মধ্যে ঐক্য থাকলে কোনো অপশক্তিই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।”
নেতাকর্মীদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে সংসদ সদস্য বলেন, ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিয়ে একে অপরকে বাদ রেখে রাজনীতি করলে দলের মধ্যে বিরোধ ও সংঘাত তৈরি হবে। তাই সবাইকে পারস্পরিক সম্মান বজায় রেখে একসঙ্গে কাজ করতে হবে। ব্যবসা-বাণিজ্যসহ সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও মিলেমিশে চলার পরামর্শ দেন তিনি।
বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে মান্নান আরও বলেন, যারা অতীতে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বর্তমানে সক্রিয় রয়েছেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। তার পরামর্শ কিংবা সহযোগিতার প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নেতাকর্মীদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে তিনি প্রস্তুত।
আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের সর্বস্তরের নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম হালিম জুয়েল, সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।