
আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় ছমিরুন নেছা (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আতিয়া নামে ১৮ মাস বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশাচালক রাসেলকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা কাচারী বাজার-মানিকপুর সড়কের হাবিবুর রহমানের বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছমিরুন নেছা চৈতনকান্দা গ্রামের ইব্রাহীম মিয়ার স্ত্রী। আহত শিশু আতিয়া একই গ্রামের সেলিম মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছমিরুন নেছা শিশু আতিয়াকে সঙ্গে নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাঁদের ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছমিরুন নেছাকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত শিশু আতিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির ঘটনাস্থল ও নিহতের বাড়িতে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর অটোরিকশাচালক রাসেলকে আটক করা হয়েছে। তিনি চৈতনকান্দা গ্রামের মফিজ মোল্লার ছেলে। বর্তমানে তাঁকে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।