নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় তিন ব্যবসায়ীকে মোট ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ক্রেতাদের সুবিধার্থে ব্যবসায়ীদের মধ্যে পণ্যের মূল্যতালিকা প্রদর্শনের বোর্ড বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
অভিযান সূত্রে জানা যায়, কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(ক) ধারায় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় মেসার্স মদিনা রাইস এজেন্সির আবু সাঈদ এবং শাজাহান স্টোরের শাজাহানকে ৩০০ টাকা করে জরিমানা করা হয়।
এ ছাড়া একই আইনের ১৯(১)(ঙ) ধারায় প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় মেসার্স মোক্তার হোসেন স্টোরের মালিক মোক্তার হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে তিনটি মামলায় মোট ১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকা এবং প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।