
চেয়ারম্যান প্রার্থী হওয়া নিয়ে বিরোধের জেরে উত্তেজনা, ঢিল ছোড়াছুড়িতে আহত দুজনকে ঢামেকে পাঠানো হয়
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি ও ছাত্রদলের দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও তাঁরা চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মারকাজ মসজিদসংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন আহাম্মেদ সালামত এবং আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশ ও মিছিল শেষে ফেরার পথে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ঢিল ছোড়াছুড়িতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে রিফাতুল্লাহ (৩৫) ও শাহজাহান (৪০)-এর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে চিকিৎসা শেষে তাঁরা বাড়ি ফিরেছেন। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, সালাউদ্দিন আহাম্মেদ সালামত ও মোবারক হোসেন দুজনই কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী। এ নিয়ে তাঁদের অনুসারীদের মধ্যে আগে থেকেই বিরোধ ও উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় কর্মসূচি শেষে ফেরার পথে সামান্য কথা-কাটাকাটি বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, মিছিল শেষে ফেরার পথে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন ঢিল ছুড়লে কয়েকজন আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া দুজন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।