
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের অভিযানে আটক আওয়ামী লীগ নেতা হাজী রাসেল আহম্মেদ খোকনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গোলজার প্রধান ও তার অনুসারীদের বিরুদ্ধে। পুলিশের অভিযানে বাধা, যুবদল নেতাকর্মীদের ওপর হামলা এবং আটক ব্যক্তিকে নিয়ে যাওয়ার অভিযোগে নতুন করে বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন গোলজার প্রধান। তার বিরুদ্ধে প্রকাশ্যে পুলিশের কাজে হস্তক্ষেপ ও এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এ ঘটনায় যুবদল ও মৎস্যজীবী দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় যুবদল নেতাকর্মীরা।
শনিবার রাতে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বাস্তল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও যুবদল নেতাকর্মীদের অভিযোগ, শনিবার রাতে সোনারগাঁ থানা পুলিশের একটি দল গোলজার প্রধানের গাড়ির পিছু নিয়ে বাস্তল বাজার এলাকায় সেটি থামায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে আওয়ামী লীগ নেতা হাজী রাসেল আহম্মেদ খোকনকে আটক করে হ্যান্ডকাফ পরানোর চেষ্টা করে পুলিশ। এ সময় গোলজার প্রধান পুলিশের কাজে বাধা দেন। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে পুলিশের সহযোগিতায় স্থানীয় যুবদল নেতাকর্মীরা এগিয়ে এলে গোলজার প্রধানের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিতে তিনি মুঠোফোনে অনুসারীদের ঘটনাস্থলে ডেকে আনেন। কিছুক্ষণের মধ্যেই তার অনুসারীরা সেখানে এসে যুবদল নেতাকর্মীদের ওপর চড়াও হন। এ সময় হামলা চালিয়ে পুলিশের হেফাজতে থাকা আওয়ামী লীগ নেতা হাজী রাসেল আহম্মেদ খোকনকে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গোলজার প্রধানের অনুসারীদের আকস্মিক হামলায় ঘটনাস্থলে আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হামলায় থানা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক সিয়াম, যুবদল নেতা গুলজারসহ কয়েকজন আহত হন। আহত যুবদল নেতা গুলজারকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার পর গোলজার প্রধান ও তার অনুসারীরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে স্থানীয়দের দাবি। পরে ক্ষুব্ধ যুবদল নেতাকর্মীরা বাস্তল বাজার এলাকায় জড়ো হয়ে ঢাকা-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ করেন। হামলাকারীদের গ্রেপ্তার ও আওয়ামী লীগ নেতাকে উদ্ধারের দাবিতে তারা বিক্ষোভ করেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
স্থানীয় যুবদল নেতা মামুন বলেন, পুলিশ বাস্তল বাজারে গোলজার প্রধানের গাড়ি থামিয়ে হাজী রাসেল আহম্মেদ খোকনকে আটক করে নামানোর চেষ্টা করলে গোলজার প্রধান বাধা দেন। পরে পুলিশের সহযোগিতায় যুবদল নেতাকর্মীরা এগিয়ে গেলে তিনি তার অনুসারীদের ফোন করে ডেকে আনেন। তারা এসে পুলিশ ও যুবদল নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আটক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়ে যায়।
তবে পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক। তিনি বলেন, খোকন নামের আওয়ামী লীগের একজন নেতাকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে আর পায়নি। সংঘর্ষের একপর্যায়ে তিনি পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও বলেন, পুলিশের ওপর হামলার কোনো সুযোগ ছিল না। সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং এখনো সেখানে অবস্থান করছে।
স্থানীয়দের অভিযোগ, গোলজার প্রধান একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দলীয় কোনো পদ-পদবি না থাকলেও এলাকায় তার প্রভাব ছিল ব্যাপক। তার প্রভাবের কারণে স্থানীয় পদধারী নেতারাও অনেকটা কোণঠাসা থাকতেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে গোলজার প্রধান স্থানীয় বিএনপির একটি অংশের সঙ্গে যোগাযোগ রেখে এলাকায় নিজের প্রভাব ও অবস্থান ধরে রাখার চেষ্টা করেন। বিভিন্ন দলীয় সভা-সমাবেশেও তাকে অংশ নিতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ ও সমঝোতার বিষয়টি নিয়েও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে।
এখন প্রশ্ন উঠেছে, রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে কেউ কি এলাকায় নিজস্ব বলয় তৈরি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমেও বাধা দেওয়ার সাহস পাচ্ছেন? বাস্তল বাজারের শনিবার রাতের ঘটনা সেই প্রশ্নকে আরও সামনে নিয়ে এসেছে। যদিও গোলজার প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর স্বাধীন তদন্ত ও তার বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
স্থানীয় যুবদল নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক পরিচয় যাই হোক, পুলিশের অভিযানে বাধা, হামলা এবং আটক ব্যক্তিকে নিয়ে যাওয়ার অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে গোলজার প্রধান ও তার অনুসারীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
শনিবার রাতের ঘটনার পর বাস্তল বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের একাধিক দল অবস্থান করছে বলে জানা গেছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।