
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করে আগামী প্রজন্মকে সুস্থ, দক্ষ ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। তিনি বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পর শিক্ষার্থীদের খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ শহরের ১৪ নম্বর ওয়ার্ডের পানির ট্যাংকি মাঠে রংধনু স্পোর্টিং ক্লাব আয়োজিত ‘দেওভোগ প্রিমিয়ার লিগ সিজন-৫’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সজল বলেন, ক্রীড়াকে আগামী প্রজন্মের স্বপ্ন ও ভবিষ্যৎ গড়ার অন্যতম মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় সরকার। খেলাধুলার প্রসারের মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি এবং খেলোয়াড়দের পেশাগত জীবন গড়ার নতুন সুযোগ সৃষ্টি হবে।
মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলাবোধ, মানসিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার যে উদ্যোগ নিয়েছেন, তা বাস্তবায়িত হলে দেশের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও স্ট্রার্কটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিবের উপস্থিত থাকার কথা থাকলেও ব্যবসায়িক সভার কারণে তিনি আসতে পারেননি বলে জানান সজল।
এ প্রসঙ্গে সজল বলেন, রাকিবুল ইসলাম রাকিব মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে নারায়ণগঞ্জজুড়ে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। জনকল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ তিনি নিয়েছেন, তা প্রশংসনীয়। ব্যবসায়িক সভার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তাঁর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।
ফাইনাল খেলার ফলাফল প্রসঙ্গে সজল জানান, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় হোসাইনসিটি ফুটবল ক্লাব ও ৩৬ জুলাই স্মৃতি সংগঠন অংশ নেয়। টাইব্রেকারে হোসাইনসিটি ফুটবল ক্লাব জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে ৩৬ জুলাই স্মৃতি সংগঠন রানার্সআপ হয়।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা এবার রানার্সআপ হয়েছে, তারা ভবিষ্যতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আরও ভালো খেলার চেষ্টা করবে। আর চ্যাম্পিয়ন দল তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে বলে তিনি প্রত্যাশা করেন। দুই দলের খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে এবং জাতীয়তাবাদী দল ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
রংধনু স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক সাদ্দাম হোসেন তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাঈদ আহম্মেদ স্বপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ ও সাজ্জাদ হোসেন কমল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এলাহী সোহাগ, প্রথম সদস্য রাফি উদ্দিন রিয়াদ, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অ্যাডভোকেট জানে আলম, হাজী মজিবুর রহমান, মহিউদ্দিন আহম্মেদ, মো. শাহ্ আলম, সিটি লিংকের স্বত্বাধিকারী তারিক হাসান তুর্য এবং আমরা জুলাই যোদ্ধা নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।