
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এবং তাদের বিভিন্নভাবে স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মহানগর বিএনপি।
আবুল কাউসার আশা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু স্বাক্ষরিত নোটিশে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। একই সঙ্গে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
নোটিশে অভিযোগ করা হয়, মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেও আবুল কাউসার আশা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন। পাশাপাশি তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান এবং স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করার মাধ্যমে দলের ভাবমূর্তি ও আদর্শ ক্ষুণ্ন করেছেন।
এ ছাড়া নোটিশে আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী হিসেবে পরিচিত শামীম ওসমানের পরিবারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিভিন্ন পর্যায়ে জায়গা করে দেওয়া এবং দলীয় নির্দেশনা অমান্য করে তাদের সুযোগ-সুবিধা দেওয়ার অভিযোগও উল্লেখ করা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘এ বিষয়ে নো কমেন্টস।’
নোটিশের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক-১ ও ২ এবং দপ্তর সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।
তবে আবুল কাউসার আশার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।