
গণতান্ত্রিক উত্তরণের পরও আইনের রাজনৈতিক অপব্যবহার, ভুক্তভোগীর কণ্ঠরোধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে গেলে গণতান্ত্রিক ব্যবস্থার কাঙ্ক্ষিত রূপান্তর বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
শনিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মানবাধিকার সংগঠন অধিকারের উদ্যোগে আয়োজিত ‘মতপ্রকাশ ও বাকস্বাধীনতা লঙ্ঘন’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সাথী আক্তারের ঘটনার প্রসঙ্গ তুলে ধরে এমপি আল আমিন বলেন, একজন নাগরিক নিজের প্রতিষ্ঠানে চুরি, হামলা ও ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পর নিজের কষ্ট ও অভিজ্ঞতার কথা প্রকাশ করতে পারবেন না—এটি কোনোভাবেই মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি অভিযোগ করেন, সাথী আক্তার তাঁর বক্তব্য প্রকাশের পর তাঁকে কেন্দ্র করে মব তৈরি করা হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাঁকেই ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করা হয়েছে।
এ ঘটনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় যদি একজন ভুক্তভোগীকে আটক করা হয়, তাহলে যারা হামলা করেছে এবং মব সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না কেন?
আইনের রাজনৈতিক ব্যবহারের সমালোচনা করে সংসদ সদস্য বলেন, বাংলাদেশে এ ধরনের ঘটনা নতুন নয়। বিগত বছরগুলোতে আইনের শাসনের অনুপস্থিতি এবং রাজনৈতিক স্বার্থে আইন প্রয়োগের প্রবণতা ফ্যাসিবাদী কাঠামো গড়ে ওঠার অন্যতম কারণ ছিল। গণতান্ত্রিক ব্যবস্থায় এ ধরনের চর্চার পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়।
আলোচনায় বিরোধীদলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাও তুলে ধরেন আল আমিন। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের আগেই সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে শর্টসার্কিটের সম্ভাবনার কথা বলা হয়েছিল। অথচ পরবর্তী সময়ে পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট ডিজিএম জানিয়েছেন, সেখানে শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে তিনি বলেন, যথাযথ তথ্যপ্রমাণ ছাড়া দায়িত্বশীল ব্যক্তিদের এমন বক্তব্য ঘটনার গুরুত্ব কমিয়ে দেখানোর প্রবণতা তৈরি করতে পারে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের বক্তব্য ও কর্মকাণ্ডের ক্ষেত্রেও সমান জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
বিচার বিভাগের স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় এবং শক্তিশালী মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেসব বিষয় এখন আবারও প্রশ্নের মুখে পড়ছে।
নিরপেক্ষ তদন্তের গুরুত্ব তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন, যে বাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ওঠে, সেই বাহিনীর মাধ্যমেই যদি তদন্ত পরিচালিত হয়, তাহলে তদন্তের নিরপেক্ষতা কতটা নিশ্চিত করা সম্ভব?
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম, দ্য ডেইলি ওয়াদারের সম্পাদক শফিকুল আলম, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনের নেতারা।
সভায় বক্তারা বলেন, গণতন্ত্র কেবল নির্বাচন আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা, আইনের সমান প্রয়োগ, ভিন্নমতের প্রতি সহনশীলতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করা অপরিহার্য।