
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
প্রশাসন ও জনপ্রতিনিধিদের সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগিয়ে জনগণের পাশে থেকে নারায়ণগঞ্জের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবীবুর রশীদ।
সোমবার (৩১ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, নাগরিক সেবা, গ্যাস-পানি-বিদ্যুৎ এবং অবকাঠামোগত উন্নয়নসহ নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাবীবুর রশীদ বলেন, “আজকের এই সভা কেবল কোনো আনুষ্ঠানিকতা নয়। গণঅভ্যুত্থানের পর মানুষ যে গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতা ফিরে পেয়েছে, তা অক্ষুণ্ন রেখে দলমত নির্বিশেষে একটি নিরাপদ ও উন্নত নারায়ণগঞ্জ গড়াই আমাদের মূল লক্ষ্য।”
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের অর্থনৈতিক চাহিদা পূরণ এবং অবকাঠামোগত উন্নয়নে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে গ্যাস, পানি ও বিদ্যুতের মতো মৌলিক নাগরিক সেবার মানোন্নয়ন এবং অতীতের অনিয়ম দূর করতে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে।
প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন, “সকল ক্ষেত্রে সর্বোচ্চ সক্ষমতা দিয়ে জনগণের পাশে থাকতে হবে। আগামী দিনে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নারায়ণগঞ্জের দীর্ঘদিনের সমস্যা নিরসনে আমাদের কাজ করে যেতে হবে।”
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মতামত তুলে ধরেন। এ সময় নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।