
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
অসদাচরণ ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত সাময়িক বরখাস্ত অতিরিক্ত পুলিশ সুপার হাসান আরাফাতকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা ও শৃঙ্খলা অনুবিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, যিনি আগে থেকেই সাময়িক বরখাস্ত ছিলেন, গত ৩১ মার্চ ২০২৫ থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিতির বিষয়ে হোয়াটসঅ্যাপ, ডাক ও ই-মেইলের মাধ্যমে একাধিকবার নোটিশ পাঠানো হলেও তিনি কোনো লিখিত জবাব দেননি এবং কর্মস্থলেও যোগদান করেননি।
এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নম্বর ০২৫/২০২৫ দায়ের করা হয়। তদন্ত শেষে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। পরবর্তীতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শক্রমে রাষ্ট্রপতি তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন। এর পরিপ্রেক্ষিতে ৩১ মার্চ ২০২৫ থেকে কার্যকর করে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
অন্যদিকে, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত সাময়িক বরখাস্ত অতিরিক্ত পুলিশ সুপার হাসান আরাফাত, যিনি বর্তমানে সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ১৯ অক্টোবর ২০২৪ থেকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি থাকার কথা জানিয়ে আবেদন করেন।
তদন্তে ওই সময়ে হাসপাতালে তার ভর্তির কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং এ বিষয়ে পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নম্বর ০০৪/২০২৫ দায়ের করা হয়।
তদন্তে হাসান আরাফাতের বিরুদ্ধেও ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়। পরে পিএসসির সুপারিশক্রমে ১৯ অক্টোবর ২০২৪ থেকে কার্যকর করে তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উভয়ের বরখাস্তের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।