
অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে জরুরি হটলাইন নম্বর ‘১০২’ ব্যবহারের বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে আগাম সতর্কতা, প্রাথমিক প্রস্তুতি ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি হটলাইন নম্বর ‘১০২’-এর প্রচারণা এবং অগ্নিনির্বাপণ প্রশিক্ষণবিষয়ক এক আলোচনা সভায় এসব বিষয় উঠে আসে।
সভায় সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর স্টাফ রিপোর্টার আবু সাউদ মাসুদ এবং সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টি। এ ছাড়া নারায়ণগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সভায় অংশ নেন।
আলোচনা সভায় জানানো হয়, অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের সহায়তা পেতে ‘১০২’ নম্বরে কল করা যাবে। সাধারণ মানুষের মধ্যে এ নম্বরের পরিচিতি ও ব্যবহার বাড়াতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়।
সভায় অগ্নিকাণ্ডের বিভিন্ন কারণ, আগুন প্রতিরোধে করণীয়, অগ্নিকাণ্ডের পর তাৎক্ষণিক করণীয়, অগ্নিনির্বাপণ সরঞ্জামের সঠিক ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদে বেরিয়ে আসার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় আগাম সতর্কতা, সচেতনতা ও প্রাথমিক প্রস্তুতির বিকল্প নেই। দুর্ঘটনার সময় দ্রুত সহায়তা নিশ্চিত করতে জরুরি হটলাইন নম্বর ‘১০২’ সম্পর্কে সর্বস্তরের মানুষের ধারণা থাকা প্রয়োজন।
বক্তারা বলেন, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে শুধু ফায়ার সার্ভিসের ওপর নির্ভর করলে চলবে না। ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম জনসচেতনতা সৃষ্টি এবং জরুরি তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।